
চলতি বছরের মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নতুন পে স্কেলের যাবতীয় কাঠামো প্রস্তুত রয়েছে এবং সরকার যেকোনো সময় এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
মুখ্য সচিব বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের বাজেটের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। তবে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে এই চাপ সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ফলে বাজারে সাময়িকভাবে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। সরকার বিষয়টিকে বাস্তবতা হিসেবে বিবেচনায় নিয়ে বিভিন্ন বিকল্প নীতি ও উদ্যোগের মাধ্যমে এর প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা করবে।
এদিকে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেন, বর্তমান সরকার এই সংকটের জন্য দায়ী নয়; বরং আগের সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও খামখেয়ালির কারণে সংকট তৈরি হয়েছে।
তবে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি সংকটের একটি টেকসই সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।